ছিনতাই করে পালানোর সময় পিটিয়ে হত্যা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক প্রবাসীকে ছুরি মেরে টাকা ছিনতাই করে পালানোর সময় এলাকাবাসী একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহরগ্রাম শিবপুরে এ ঘটনায় আহত আরেক ছিনতাইকারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তাদির আহমদ জানান, বহরগ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী শাহীন আহমদ বিয়ানীবাজার ইসলামী ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন।
“বেলা দেড়টার দিকে বহরগ্রামের শিবপুর রোডে আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ছয় জন লোক এসে শাহিনকে ছুরিকাঘাত করে টাকা, মোবাইল ও পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়।”
এসআই আরও বলেন, ছিনতাকারীরা পালানোর সময় শিবপুর গ্রামবাসী একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যায়।
গুরুতর আহত আরেক জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
