২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটনের নতুন সম্ভাবনা বৌদ্ধ নিদর্শন: তালেব রিফাই

বাংলাদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এদেশের পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 04:54 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বৃহস্পতিবার রামুর বৌদ্ধ বিহার ও বিভিন্ন নিদর্শন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদেশের বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

দুদিনের বুড্ডিস্ট সার্কিট কনফারেন্সে যোগ দিতে ইউএনডব্লিউটিওর এই প্রতিনিধি দল ঢাকায় আসেন। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কনফারেন্স শুরু হয়।

বুধবার প্রতিনিধি দলটি কক্সবাজার আসে। জেলা শহরে রাতযাপনের পর বৃহস্পতিবার সকালে তারা রামুর বৌদ্ধ বিহার ও বিভিন্ন বৌদ্ধ নিদর্শন পরিদর্শন করেন। 

ইউএনডব্লিউটিও মহাসচিব বলেন, বাংলাদেশ পর্যটন সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনার কথা বিশ্বের কাছে পৌঁছানো গেলে পর্যটকরা বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত হবে।

জাতিসংঘের পর্যটন সংস্থার মাধ্যমে বাংলাদেশের এ অপার সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে বিশ্ববাসীকে জানানোর প্রতিশ্রুত দেন তালেব।

১৭ সদস্যের প্রতিনিধি দল সকাল ৮টায় রামুর উত্তর মিঠাছড়ির বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে স্থাপিত গৌতম বুদ্ধের একশ ফুট সিংহশয্যা মূর্তি পরিদর্শন করে।  

সেখানে প্রতিনিধি দলের সদস্যরা বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর সঙ্গে সাক্ষাত করেন। ওই সময় তারা বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনায়ও অংশ নেন।

সেখান থেকে সকাল ৯টায় তারা রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শনে যান। সেখানে সম্রাট অশোক স্থাপিত বুদ্ধমূর্তি এবং অশোকের আবক্ষ মূর্তিসহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

প্রতিনিধি দলের সদস্য ভুটানের পর্যটন ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লেউনফু নরবো ওয়াংচুক বলেন, বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের ঐতিহ্যের জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

এ বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তরিক ভূমিকা রাখায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলে থাকা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, এই প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা অটুট আছে।

আগামী মাসেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আড়াই হাজার বিদেশি পর্যটক বাংলাদেশে আসছেন বলে জানান তিনি।

২০১৬ সালের পর্যটন বর্ষকে কেন্দ্র করে আগত দেশি-বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ যাতে বিঘ্ন না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধও করেন মন্ত্রী।   

ইউএনডব্লিউটিও মহাসচিব এবং ভুটানের পর্যটন ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীর বক্তব্য সাংবাদিকদের ব্যাখ্যা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং একই মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী।

ইউএনডব্লিউটিও মহাসচিব তালেব রিফাইয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে রাশেদ খান মেনন ও সচিব খোরশেদ আলম চৌধুরী ছাড়াও ছিলেন চীনের পর্যটন সংস্থার ডিরেক্টর লাই কোওয়ানগো, কম্বোডিয়ার পর্যটন মন্ত্রী টপ সোফেক, ভারতের পর্যটন সংস্থার রিজিওনাল ডিরেক্টর শ্রীভেন্ট সঞ্জয়, ভূটানের পর্যটন মন্ত্রী লেউনফু নরবো ওয়াংচুক, আফগানিস্তানের পর্যটন মন্ত্রী আব্দুল বারী জাহানী প্রমুখ।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ পদস্থ কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।

বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে কক্সবাজার ত্যাগ করেন।

পুরনো খবর:

পর্যটন খাতে সহায়তায় আগ্রহী ইউএনডব্লিউটিও