২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন খাতে সহায়তায় আগ্রহী ইউএনডব্লিউটিও

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 07:26 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেন ইউএনডব্লিউটিও-এর মহাসচিব তালেব রিফাই।

এ সময় সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, সরকার এ খাতের উন্নয়নে অনেক কর্মসূচি হাতে নিয়েছে।

“কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর বাইরেও পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশের আরও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে।”

“বৌদ্ধ নির্দশনের বিভিন্ন স্থানের কথা তুলে ধরে বুড্ডিস্ট সার্কিট কনফারেন্স দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।”

Image
সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী বুড্ডিস্ট সার্কিট কনফারেন্স। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করে পর্যটন বিকাশে দেশের বৌদ্ধ নিদর্শনগুলো তুলে ধরার তাগিদ দিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও বলেন, “রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় তালেব রিফাই, পর্যটন শিল্পকে ‘ক্লিন ইন্ডাস্ট্রি’ উল্লেখ করে বলেন, এই শিল্প পরিবেশের ওপর কোনও খারাপ প্রভাব ফেলে না। একই সঙ্গে অনেক কর্মসংস্থানের তৈরি করে।”

পর্যটকদের আকৃষ্ট করতে এ খাতের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর ওপর জোর দেন তালেব।

সাক্ষাতের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সচিব খোরশেদ আলম চৌধুরী, ইউএনডব্লিউটিও-এর এশিয়া-প্যাসিফিক কর্মসূচির পরিচালক জিং জু এবং রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।