এসআইপিএ পুরস্কার পেলেন আলোকচিত্রী মুস্তাফিজ মামুন
টঙ্গীর বিশ্ব ইজতেমার সময় তোলা ‘প্রেয়ারস অন দ্যা রোড’ ছবির জন্য ৬২তম সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (এসআইপিএ) জিতে নিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ আলোকচিত্র সাংবাদিক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।
পেশাগত ক্ষেত্রে মুস্তাফিজ মামুন নামে পরিচিত এই আলোকচিত্রী ডিজিটাল কালার ক্যাটাগরিতে পেয়েছেন ব্রোঞ্জ পুরস্কার। একই ক্যাটাগরিতে অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়ামের আরও তিনজন ব্রোঞ্জ পদক পেয়েছেন।
এছাড়া হংকং, কানাডা, জার্মানি ও সিঙ্গাপুরের চার আলোকচিত্রী স্বর্ণ এবং ম্যাকাও, তাইওয়ান, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের চারটি ছবি রৌপ্য পুরস্কার পেয়েছে।
এর বাইরে ক্যাটাগরিতে আরও ১২টি ছবিকে ‘অনারেবল মেনশন রিবনস’ দিয়ে সম্মানিত করেছে প্রতিযোগিতার জুরি বোর্ড।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত ফটোগ্রাফিক সোসাইট অফ সিঙ্গাপুর (পিএসএস) ‘এসআইপিএ’ নামে পুরস্কার দিয়ে থাকে। প্রতি বছর ডিজিটাল মনোক্রোম, ডিজিটাল কালার, ডিজিটাল ট্রাভেল, ডিজিটাল নেচার, ডিজিটাল এক্সপেরিমেন্ট ও স্মল প্রিন্ট এই ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
পিএসএস সম্প্রতি তাদের ওয়েবসাইটে এসআইপিএ অ্যাওয়ার্ডের ৬২তম প্রতিযোগিতায় পদক পাওয়া ছবি ও আলোকচিত্রীদের নাম প্রকাশ করে।
এতে প্রতিযোগিতার ডিজিটাল ট্রাভেল ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী নূর আহমেদ জিলাল। ‘জাম্পিং ওভার দ্যা ট্রেন’ ছবির জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।
আলোকচিত্র সাংবাদিক মুস্তাফিজ মামুনের দুটি ছবি চলতি বছর ‘মস্কো ফটো অ্যাওয়ার্ড’ এর ‘প্রফেশনাল’ ক্যাটাগরিতেও পুরষ্কৃত হয়।
