চুয়াডাঙ্গায় সন্তান হত্যায় বাবার যাবজ্জীবন
চার বছরের শিশু সন্তানকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত কালু মৃধা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পারলক্ষীপুর গ্রামের মৃত হানেফ মৃধার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিরীন কবিতা আখতার রায় ঘোষণা করেন।
আদালতে সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শামসুজ্জোহা জানান, কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলায় বলা হয়েছে, ২০১৩ সালের ৭ ডিসেম্বর রাতে গাঁজা কেনার টাকা না পেয়ে প্রথমে স্ত্রী খাদিজা খাতুন ও পরে চার বছর বয়সী সন্তান মুস্তাকিম ওরফে নয়নকে পেটান কালু মৃধা। ওই রাতেই রক্তক্ষরণে নয়নের মৃত্যু হয়।
পরদিন সকালে পুলিশ এসে লাশ উদ্ধারের পর কালুকে আসামি করে আলমডাঙা থানায় মামলা করেন খাদিজা।
২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
