সত্যবান হাজং হত্যায় ৪ জনের যাবজ্জীবন
হাজং জনজাতির নেতা সত্যবান হাজংকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।
বৃহস্পতিবার জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ নয় বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- দুর্গাপুর উপজেলার বারমারী গ্রামের রহিম উদ্দিন (৪৫), সুরুজ মিয়া (৪০), কাজিম উদ্দিন (৩৫) ও ধীরেশ সাংমা (৪৮)। তাদের উপস্থিতিতেই আদালত সাজা ঘোষণা করে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী জানান, রায়ে চার আসামির প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল হাজং কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সত্যবানকে পিটিয়ে হত্যা করা হয়।
উপজেলার বারমারী লক্ষ্মীপুর গ্রামের সত্যবান ‘ডিএসকে’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতেন।
আইনজীবী কমলেশ চৌধুরী বলেন, “রাজনৈতিক ও চাকরি সংক্রান্ত বিষয়ে শত্রুতার জের ধরে আসামিরা সত্যবানকে হত্যা করে।”
হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা তুশিল হাজং দুর্গাপুর থানায় মামলা করেন। ওই বছরের ২৮ অগাস্ট চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
