২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে হিযবুতের প্রচারপত্র দিতে গিয়ে ধরা

বিচারপতিদের কাছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলি করার সময় ধরা পড়েছেন এক ব্যক্তি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

আসাদুল্লাহ (২৭) নামে ওই ব্যক্তিকে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার দুপুরে ধরার পর ‍শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দিয়েছে।

ওই ব্যক্তি নিজেকে একটি কুরিয়ার সার্ভিসের কর্মী বলে পরিচয় দিচ্ছেন।

ঘটনাটি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে শাহবাগ থানার এসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি বেলা ১২টার দিকে হাই কোর্ট বিভাগের এক বিচারপতির চিঠি দিতে তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে যান।

“ব্যক্তিগত কর্মকর্তা চিঠিটি বিচারপতির কাছে নিয়ে যান। তাতে দেখা যায়, হিযবুত তাহরীরের নাম লেখা রয়েছে। বিচারপতি তখন ওই ব্যক্তিকে আটক করতে বলেন।”

এরপর রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ও আদালত এলাকায় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়। পরে শাহবাগ থানা থেকে পুলিশ গিয়ে ও্ই ব্যক্তিকে আটক করে।

সুপ্রিম কোর্ট এলাকায় নিয়োজিত শাহবাগ থানার এসআই শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসাদুল্লাহর কাছে বিচারপতিদের নামে আরও ৪১টি চিঠি ছিল, সেগুলো জব্দ করা হয়েছে।