ঢাকায় বেদখল জমির তথ্য চায় সংসদীয় কমিটি
ঢাকা মহানগর এলাকায় দখল হয়ে যাওয়া প্রায় ২৯০০ একর সরকারি খাস জমি সম্পর্কে ভূমি মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি।
বুধবার সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য চাওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির আগামী বৈঠকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে বেদখল জমির মৌজাভিত্তিক মালিকানা উপস্থাপন করার সুপারিশ করা হয়।
এর আগের বৈঠকে কমিটি ওই ২৯০০ একর জমি সরকারের ১ নম্বর খাত খতিয়ানে আনার সুপারিশ করে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ২৯০০ একর খাস জমি ঢাকা মহানগর জরিপে ব্যক্তি মালিকানায় রেকর্ড করা হয়। কমিটি ওই জমিগুলো সরকারের খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত করার সুপারিশ করে।
এছাড়া সিরাজগঞ্জের জয়সাগর পুকুরসহ ৭০৮টি বেদখল হওয়া পুকুর উদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হীরার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন অংশ নেন।
