রাষ্ট্রপতির সঙ্গে ব্রুনেই সশস্ত্র বাহিনীর কমান্ডারের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ব্রুনেই এর সশস্ত্র বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মো. তাওহি বিন আবদুল্লাহ।
বুধবার বিকেলে বিন আবদুল্লাহ বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় তাওহি বিন আবদুল্লাহ তার দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।”
বাংলাদেশ ও ব্রুনেইয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর কমিশনড ও নন-কমিশনড কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণে বিনিময়ের সুযোগ রয়েছে এবং ব্রুনেই এই সুযোগ কাজে লাগাতে পারে।
ব্রুনেইয়ের সশস্ত্র বাহিনীর কমান্ডারের সফরের মধ্যে দিয়ে দুই দেশের সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন আবদুল হামিদ।
তাওহি বিন আবদুল্লাহ তার বাংলাদেশ সফরের বিভিন্ন অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং তার দেশের সেনাবাহিরীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
