মহসিন আলীর আসনে উপনির্বাচনের তফসিল বৃহস্পতিবার
প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে উপ-নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করা হবে, যাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
মৌলভীবাজার-৩ (সদর) এর এই শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার এই তথ্য বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান।
আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর ইসি সচিবালয়ে পরবর্তী ব্যবস্থা নিতে অনুরোধ জানায় সংসদ সচিবালয়।
এ আসনে ১৪ ডিসেম্বরের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে অন্তত ৪০ দিন সময় রেখে মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার করতে হবে নির্বাচন কমিশনকে।
সাধারণত এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর ভোটের সময়সূচি ঘোষণা করে থাকেন।
১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারে জন্ম নেওয়া সৈয়দ মহসিন আলী রাজনীতিতে আসেন ছাত্রলীগের মাধ্যমে। একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।
১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডার ফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।
