২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যামামলার সাক্ষ্যগ্রহণ আবার পেছাল

কারাগারে থাকা সব আসামি ও তাদের আইনজীবীরা উপস্থিত না হওয়ায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আরেকবার পিছিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:36 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার সকাল ১১টা থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক ছিল।

সব আসামি উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন আদালতের পিপি কিশোর কুমার কর।

তিনি বলেন, “গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। অন্য মামলায় হাজিরা এবং অসুস্থতার কারণে বাকিদের হাজির করা হয়নি। কিন্তু তাদের আইনজীবীরাও উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করেননি আদালত।”

বৃহস্পাতিবার সাক্ষ্য গ্রহণের দিন বিচারক ঠিক করেছেন বলে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান।

আলোচিত এই মামলায় গত ২১ অক্টোবর তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়। এ মামলায় মোট সাক্ষী ১৭১ জন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার বাদী বর্তমানে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান আদালতে সাক্ষ্য দেন।

Image
শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)

শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় তৎকালীন সংসদ সদস্য কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। তার আগে ১৯৯৬-২০০১ মেয়াদে শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রী ছিলেন তিনি।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

তিন দফা তদন্তের পর সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।