২৭ বছর আগে হত্যায় ৬ জনের যাবজ্জীবন
ঢাকার দোহারে ২৭ বছর আগে চর দখল নিয়ে সংঘর্ষে দুই ভাইকে হত্যামামলায় ছয় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল রানা বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন-শেখ খলিল, রেনু সরকার, ফয়জল সরদার, কালাম জঙ্গি, সালাম জঙ্গি ও আমজাদ বেপারি। এদের সবার বাড়ি দোহার উপজেলায়। পেশায় কৃষক ও ব্যবসায়ী প্রত্যেকের বয়স ৭০ বছরের বেশি।
১৯৮৮ সালের এই মামলায় ৪৮ আসামির মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই ছয়জনসহ ১০ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
তবে মো. আকন্দ, চাঁন মিয়া সরকার, শেখ জুলমত ও জহির উদ্দিন বেপারি নামে বাকি চারজন মারা যাওয়ায় আদালত তাদের শাস্তি মওকুফ করেছে বলে এপিপি গোলাম দস্তগীর জানিয়েছেন।
মামলার বাকি আসামিদের খালাস দিয়েছে আদালত।
মামলায় বলা হয়, ১৯৮৮ সালের ২২ নভেম্বর ঢাকার দোহার উপজেলার মুকসেদপুর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি চর-দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষের এক পর্যায়ে আসামিদের বন্দুকের গুলিতে রাজা সিকদার নামে একজন নিহত হন। এছাড়া তার ভাই মোমিন সিকদার গুলিবিদ্ধ হয়ে বাড়িতে আশ্রয় নিলে আসামিরা সেখানে গিয়ে তাকে হত্যা করে লাশ পদ্মা নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় দোহার থানায় ১২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতদের আরেক ভাই মিজানুর রহমান।
১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি ৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দোহার থানার ওই সময়ের ওসি আব্দুর রহমান।
মামলায় ৬৩ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করে আদালত।
