জীবননগরে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলেসহ চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৈদ্যনাথপুর এলাকায় বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গার পুলিশ সুপার রশীদুল হাসান।
মৃতরা হলেন বৈদ্যনাথপুরের আবুল হাসেম (৫০), তার ছেলে মো. সুজন (৩০), একই এলাকার কাওসার হোসেনের ছেলে জালাল উদ্দিন (২৫) এবং গঙ্গাদাসপুরের জামাত আলীর ছেলে মো. জুয়েল (৩০)।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে একটি বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকের কনক্রিটের ছাদ নির্মাণে ব্যবহৃত কাঠ (শাটারিং) খুলতে নামেন দুইজন শ্রমিক।
বাড়ির লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় পর্যন্ত তারা উঠে না আসায় অপর দুই শ্রমিক নামেন এবং তারাও আর ওঠেননি।
পরে স্থানীয় লোকজন ওই চারজনের মৃতদেহ উদ্ধার করে বলে জানান এসপি।
তারা ট্যাংকে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান বলে পুলিশ ধারণা করছে।
