ভারত থেকে অবৈধপথে ফেরার সময় বেনাপোলে আটক ১৩
অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে নারীসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি।
বুধবার বেনাপোলের পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি পুটখালি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন।
আটকদের মধ্যে ১০ জন পুরুষ এবং তিন নারী রয়েছে। তাদের বাড়ি নড়াইল, খুলনা ও রাজশাহীর বিভিন্ন এলাকায়।
সুবেদার ফরিদ বলেন, অবৈধ পথে ভারত থেকে একদল নারী ও পুরুষ এপাড়ে এসেছে এমন গোপন খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালিয়ে পুটখালির চরেরমাঠ থেকে তাদের আটক করে।
“এরা সবাই বাংলাদেশি।ভাল কাজের প্রলোভনে ভারতে গিয়ে বাসা-বাড়ি ও কল কারখানায় বিভিন্ন ধরনের কাজ করত।সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।”
অবৈধ পারাপারের অভিযোগে মামলার পর আটকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
