টাঙ্গাইল উপ-নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বৈঠকও স্থগিত
টাঙ্গাইল উপনির্বাচনের কার্যক্রম ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করে আদালতের আদেশের পর নির্ধারিত আইন শৃঙ্খলা বৈঠক এখন আর করছে না নির্বাচন কমিশন।
বুধবার সকাল ১১টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশের পর এ বৈঠকটি স্থগিত করা হয় বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা, রিটার্নিং কর্মকর্তা, টাঙ্গাইলের প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতির জন্য চিঠিও দিয়েছিল ইসি।
ইসির সহকারী সচিব রাজীব আহসান নতুন করে একটি চিঠি পাঠিয়ে ‘অনিবার্যকারণবশত’ বৈঠক স্থগিতের কথা জানান।
ইসি কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা থাকায় পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত প্রচারণাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। তবে আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এখন ভোট গ্রহণের তারিখ বদলাবে।
আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের পর তিনি হাই কোর্টে গেলে তার মনোনয়নপত্র গ্রহণে ইসিকে আদেশ দেওয়া হয়।
ওই আদেশ স্থগিত চেয়ে ইসি আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে ভোটের কার্যক্রমের উপর স্থগিতাদেশ আসে। ইসির ওই আবেদনের শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে।
