রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
মঙ্গলবার বিকালে সচিব বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি এসময় বলেন, দায়িত্ব পালনে মন্ত্রিপরিষদ সচিবের একাগ্রতা ও আন্তরিকতা সরকারি কর্মচারীদের কাছে উদাহরণ হয়ে থাকবে।”
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালনের পর বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে যোগ দেবেন মোশাররাফ।
আগামী ১৪ ডিসেম্বর মোশাররাফের পিআরএলে যাওয়ার কথা থাকলেও সরকার ১ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তার লিয়েন মঞ্জুর করে বিশ্ব ব্যাংকে নিয়োগ দিয়েছে।
২০১১ সাল থেকে চার বছর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব সামলে আসছিলেন মোশাররাফ। বৃহস্পতিবার নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।
বঙ্গভবনে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মোশাররাফের সাফল্য কামনা করেন। আবদুল হামিদ আশা করেন বিশ্ব ব্যাংকে দায়িত্ব পালনের সময় তিনি বাংলাদেশের কল্যাণে কাজ করবেন বলে জানান প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
