২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় দম্পতি হত্যা: তিন জন রিমান্ডে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বৃদ্ধ দম্পতিকে গলা কেটে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার দুপুরে দুর্গাপুর জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মো. সুলতান মাহমুদ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার এসআই সাইদুর রহমান তিন আসামিকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছিলেন বলে দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান।

আসামিরা হলেন- নিহতের দোকানের কর্মচারী উপজেলার করোনীয়া গ্রামের ঝন্টু সাহা (৫০), নিহতের বাড়ির তত্ত্বাবধায়ক টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গাজীপুর গ্রামের গোবিন্দ সাহা (৭০) ও তার ছেলে অপু সাহা (২৪)।

চার দিন আগে শুক্রবার দুপুরের দিকে শহরের মধ্যবাজার এলাকায় ব্যবসায়ী অরুণ কুমার সাহা (৭৪) ও তার স্ত্রী হেনা রাণী সাহার (৬৫) লাশ তাদের শোবার ঘর থেকে উদ্ধার হয়।

ঘটনার দুই দিন পর রোববার রাতে নিহত দম্পতির বড় ছেলে সুজিত সাহা দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

ওই দম্পতির দুই ছেলের মধ্যে একজন বিদেশে থাকেন।

ওসি রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে সোমবার পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে সোমবার বিকালে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

“বাকি সাত জনের মধ্যে চার জনকে নজরদারিতে রেখে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্য তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যারহস্য উদঘাটনে তদন্ত চলছে।”

শহরের মধ্যবাজার এলাকায় তিন তলা ওই ভবনের নিচতলা ও দোতলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

ঘটনার দিন দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে সেসব প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিল।