২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী ইপিজেডে সেপটিক ট্যাংকের গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 02:57 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

চট্টগ্রাম শিল্প পুলিশের এএসপি সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইপিজেডের এসওএস আউটফিট ফ্যাক্টরি লিমিটেডের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে এ ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন- রেজাউল আলম, মো. আরিফ ও মো. শাহ আলম। তাদের বয়স ৩৪ থেকে ৩৫ এর মধ্যে।

এদের মধ্যে রেজাউলের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরে। অন্যদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইপিজেড থানার এএসআই গাজী মো. শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংক গত মাসের শেষ দিকে তৈরি করে মুখ আটকে দেওয়া হয়।

“সকালে কাজ করার জন্য মুখ খুলে একজন শ্রমিক ট্যাংকে নামেন। তিনি ফিরে না আসায় বাকি দুইজন ভেতরে যান। ট্যাংকে জমা হওয়া বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।”

এসওএস আউটফিট ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশ, হংকং ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ মালিকানাধীন কোম্পানি বলে শিল্পপুলিশের কর্মকর্তা সোহেল রানা জানান।