বগুড়ায় বাস উল্টে নিহত ১, আহত ২৫
বগুড়ায় চাকা ফেটে বাস উল্টে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মাটিডালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানিয়েছেন।
নিহত বদিউজ্জামানের (৪০) বাড়ি গাইবান্ধার শ্যামপাড়ায়।
দুর্ঘটনায় পড়া রূপালী পরিবহনের বাসটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল বলে জানান শাহ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে ২৬ জন আহত হন।”
আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বদিউজ্জামানকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
