২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা মামলায় যুক্তিতর্ক চলছে

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার মামলায় বাদীপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর বিবাদীপক্ষ শুরু করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে দুপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে বলে জানান পিপি মফুর আলী।

মঙ্গলবার মামলার রায়ের দিন নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মফুর আলী আরও জানান, সকালে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা গ্রেপ্তার ১১ আসামির মধ্যে নয় জনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

“মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন রেখেছে আদালত। ওইদিন গ্রেপ্তার বাকি দুই জন এবং পলাতক দুই জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন তাদের আইনজীবীরা।”

মঙ্গলবার মামলার রায়ের দিন নির্ধারণ করা হতে পারে জানিয়ে পিপি বলেন, “আগামী মাসের প্রথম সপ্তাহে এ রায়ের তারিখ পড়তে পারে।”

যুক্তিতর্কের সময় মামলায় গ্রেপ্তার ১১ আসামি আদালতে হাজির ছিলেন।

গত ১ অক্টোবর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৩৮ জন সাক্ষীর মধ্যে ৩৬ জন সাক্ষ্য দেন আদালতে।

মামলার প্রধান আসামি কামরুল ইসলামের আইনজীবীর আবেদনে ১১ সাক্ষীর পুনরায় জবানবন্দি শোনে আদালত।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

গত ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই হত্যা মামলার বিচার শুরু হয়।

রাজন হত্যার পর ১০ জুলাই সৌদি আরব পালিয়ে যান রাজনকে নির্যাতনকারী কামরুল। গত ১৫ অক্টোবর তাকে দেশে ফিরিয়ে এনে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কামরুলকে নিয়ে এই মামলার আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পলাতক রয়েছেন কামরুলের আরেক ভাইসহ দুজন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।