২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক উদ্ধারের নামে মারধরে মৃত্যু

গাজীপুরে মাদক উদ্ধারের নামে পুলিশ পরিচয়ে মারধরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

সিটি করপোরেশনের বনগ্রাম এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনায় নিহত জৈরা বর্মন (৪৫) স্থানীয় মৃত মাখন বর্মনের ছেলে।

তবে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো দল ওই এলাকায় উদ্ধার অভিযানে যায়নি বলে জানান এক কর্মকর্তা। 

নিহতের প্রতিবেশী আমজাদ হোসেন জানান, সন্ধ্যায় দুইজন নারীসহ ১০-১২ জন লোক সাদা পোশাকে নিজেদের গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ পরিচয় দিয়ে বনগ্রাম কুঁচপাড়া এলাকায় যায়।

সেখানে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে তারা স্থানীয় সাধনা (২৫) নামের এক নারীকে আটক করে হাতকড়া পরায় এবং মারধর ও টাকা দাবি করে বলে জানান আমজাদ।

“টাকা না দিলে তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানোর হুমকি দেয় তারা।”

আমজাদ বলেন, পরে তার পাশের বাড়ির জৈরাকেও আটক করে এবং তার কাছ থেকে মাদক উদ্ধারের কথা বলে টাকা দাবি করে।

“ওই সময় জৈরা তার মেয়েজামাই দিগন্দ্রকে টাকা নিয়ে আসতে বলেন।  

“কিন্তু টাকা আনতে দেরি হওয়ায় সেখানে জৈরাকে বেধরক মারধর করে তারা।”

আমজাদ বলেন, এক পর্যায়ে সাধনার লোকজন ঘটনাস্থলে তাদের হাতে ১০ হাজার টাকা দেয়।

কিছুক্ষণ পর জৈরার মেয়েজামাই দ্বিগেন্দ্রও ১০ হাজার টাকা এনে দিলে তারা দ্রুত এলাকা ত্যাগ করে বলে জানান আমজাদ।

আমজাদ বলেন, “এর কিছু সময় পর জৈরা মারা যান। জৈরা মাদক সেবন করলেও মাদক ব্যবসা করতেন না। তিনি একজন যক্ষারোগী ছিলেন।”

এ ব্যাপারে গাজীপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নাসির উল্লাহ ভুঁইয়া জানান, “আজকে আমাদের কোনো টিমই মাদক উদ্ধার অভিযানে বের হয়নি।

“আমাদের নাম ভাঙ্গিয়ে কেউ ওই ঘটনা ঘটিয়ে থাকলে আমাদের করার কিছু নেই।”

জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, রাত ১১টার দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনায় কোনো পুলিশ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।