‘নাশকতায় অর্থ যোগান’, সাভারে ব্যবসায়ী গ্রেপ্তার
নাশকতায় অর্থ যোগান দেওয়ার অভিযোগে সাভারের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মনজু পালোয়ান (৩৫) নামে ওই ব্যবসায়ীকে থানায় তলব করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সাভার মডেল থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মনজু সাভার পৌর এলাকার রাজাশন আমতলা মহল্লার ব্যবসায়ী ওমর পালোয়ানের ছেলে।সাভারের বিভিন্ন বিপনি বিতানে তাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মনজু শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
“এক বিএনপি নেতা, সাভার পৌরসভার মেয়র ও জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীর রিমাণ্ডে দেওয়া তথ্য অনুযায়ী মনজুকে গ্রেপ্তার করা হয়েছে।”
জিজ্ঞাসাবাদে মঞ্জু পালোয়ানের বিরুদ্ধে নাশকতায় অর্থ যোগান দেওয়ার তথ্য পাওয়া গেছে বলেও তিনি জানান।
ওসি জানান, শনিবার রাতে সাভারের শাহীবাগ এলাকা থেকে অস্ত্র, গুলি, হাতবোমা ও জেহাদী বইসহ জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী এবং রোববার ভোরে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন বাবু ও সাভার পৌরসভার বর্তমান মেয়র মো. রেফাত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
“পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়।রোববার আদালত গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি মামলায় ৫ দিন করে হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেয়।”
গ্রেপ্তার মনজুকে ওই দুই মামলাতেই আসামি করা হয়েছে বলে জানান তিনি।
