সাভার বিএনপির সালাহউদ্দিন বাবু ও রেফাত রিমান্ডে
ঢাকার সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন বাবু এবং পৌর মেয়র রেফাত উল্লাহকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
বিএনপির এই দুই নেতাকে রোববার বিকালে ঢাকার হাকিম আদালতে হাজির করে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই মোফাজ্জল হোসেনের ওই আবেদনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সৈয়দ সিরাজ জিন্নাত দুই বিএনপি নেতাকে প্রতিটি মামলায় ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন।
মামলার রিমান্ড শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই উল্লেখ করে তা সোমবার পর্যন্ত মুলতবির আবেদন করেছিলেন আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
এই আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ কর্মকর্তা পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আবেদন নাকচ হলে আসামিদের আইনজীবীরা শুনানিতে অংশ না নিয়েই এজলাস ছেড়ে চলে যান।”
সাভারের এই দুই বিএনপি নেতার বিরুদ্ধে নাশকতার আরও মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান। মেয়র হিসেবে রানা প্লাজা ধসের মামলারও আসামি রেফাত।
সালাহউদ্দিন বাবু ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি। রেফাত সাভার পৌরসভা বিএনপির সভাপতি।
সাভার থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে রাজধানীর পরীবাগের একটি বাসা থেকে দেওয়ান সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
মেয়র রেফাতকে গ্রেপ্তার করা হয় সকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়ায় তার বাড়ি থেকে।
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সাভারের একটি বাড়িতে বিএনপি-জামায়াতকর্মীদের নিয়ে নাশকতার জন্য সভায় মিলিত হলে সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হলেও দেওয়ান সালাহউদ্দিন ও রেফাত উল্লাহ পালিয়ে যান।
পরে সালাহউদ্দিন বাবু ও রেফাতের পাশাপাশি মোখলেছ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মোখলেছও ওই বৈঠকে ছিলেন বলে পুলিশের দাবি।
মোখলেছের পাশাপাশি বাকি ছয়জন শরিফুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইসমাইল হোসেন ও সাইদুল ইসলামকেও রিমান্ডে পেয়েছে পুলিশ।
সাভারের ওসি কামরুজ্জামানের দাবি, বৈঠকস্থল থেকে একটি রিভলবার, ২৯ রাউন্ড গুলি এবং বোমাসদৃশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়। পাওয়া গেছে ইসলামী ছাত্রশিবিরের কিছু পুস্তিকাও।
ঢাকা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির হরতাল-অবরোধের সময় সাভার-আশুলিয়ায় বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টাসহ নাশকতার একাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি জোটের হরতালের মধ্যে সাভারে একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে তিনজন দগ্ধ হন। পরে তাদের মধ্যে রতন কুমার দাশ (৫০) নামের এক প্রকৌশলী হাসপাতালে মারা যান।
ওই ঘটনায় সাভার মডেল থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন বাবুকে প্রধান আসামি করা হয়। এছাড়া ওই সময় নাশকতার বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তার নাম রয়েছে।
২০১৩ সালের রানা প্লাজা ধসের মামলার অভিযোগপত্রে নাম আসায় স্থানীয় সরকার মন্ত্রণালয় রেফাতকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। উচ্চ আদালতের আদেশে গত বুধবার তিনি আবারও মেয়রের দায়িত্বে ফেরেন।
