২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 12:23 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

সোমবার সকালের দিকে চরকাকরা ইউনিয়নের নতুনবাজার এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজেদ জানান।

নিহতরা হলেন- বাবুল (৩৭), জাফর (৩৫) ও জাফর (৩৩)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “সেপটিক ট্যাংকের ভেতরে নামার কিছুক্ষণ পরই তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মোহাম্মদ সেলিম জানান, সকালে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে তিন শ্রমিককে মৃত অবস্থায়ই আনা হয়।

“সম্ভবত বন্ধ সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন,” বলেন এই চিকিৎসক।