ঝিনাইদহে ট্রাকে কভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের পেছনে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় দুই বাহনের চালকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শৈলকূপা থানার ওসি মো. হাশেম খান জানান।
নিহতরা হলেন- কভার্ড ভ্যান চালক মো. ডালিম মিয়া ও ট্রাক চালক আব্দুর রহমান। তাদের মধ্যে ডালিমের বাড়ি যশোর শহরের শংকরপুর এলাকায়।
দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা ‘গুরুতর’ বলে ওসি জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাশেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইদহগামী বালুবাহী ট্রাকটির চাকা পাংচার হয়ে গেলে চালক সেটি রাস্তার পাশে থামিয়ে মেরামত করছিলেন।
“এ সময় কভার্ড ভ্যানটি দ্রুতবেগে এসে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই চালক মারা যান।”
খবর পেয়ে শৈলকূপা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে হতাহতদের উদ্ধার করে বলে জানান ওসি।
