মুন্সীগঞ্জে পরিদর্শককে যুবলীগকর্মীর ‘চড়-থাপ্পড়’
মুন্সীগঞ্জ সদর উপজেলার এক যুবলীগকর্মীর বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানার পরিদর্শককে (তদন্ত) মারধরের অভিযোগ পাওয়া গেছে।
টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসেন বলেন, শনিবার দুপুরে টঙ্গিবাড়ী থানায় যশলং ইউনিয়নের একটি জমি সংক্রান্ত বিরোধের সালিশ বসে।
“বৈঠক চলাকালে উপজেলা যুবলীগের সদস্য নাহিদ খান পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানকে চড়-থাপ্পড় মারেন।”
নাহিদের বিরুদ্ধে আরও নানা অপরাধের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুবেল খান বলেন, “সালিশের একপর্যায়ে নাহিদ ও তার পাঁচ-ছয়জন সঙ্গী পুলিশের ওপর চড়াও হয়ে হাতাহাতিতে লিপ্ত হন।”
এ ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, নাহিদকে ধরার জন্য অভিযান চলছে।
অপরদিকে অভিযানের নামে হয়রানির অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান মুক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাহিদ আমার ভাগ্নে হওয়ায় পুলিশ আমার বাড়িতে অভিযান চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।”
নাহিদ খানের বাড়িতেও ভাংচুর করা হয়েছে বলে জানান কামরুল হাসান।
