‘অবহেলায়’ শিশুর মৃত্যু, ক্লিনিকে ভাংচুর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বেসরকারি হাসপাতালে আয়ার দেওয়া ইনজেকশনে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার ওই ঘটনার পর ‘ফয়সল হাসপাতালে’ শিশুটির স্বজনরা ভাংচুর চালিয়েছে।
মৃত সাজিদা (৩ মাস) উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মোবারকের মেয়ে।
আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, সাজিদার স্বজনরা ক্লিনিকে হামলা ও ভাংচুর চালায় এবং ক্লিনিকের ম্যানেজারসহ চারজনকে জনকে মারধর করেছে।
এসময় তারা ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
সাজিদার মা শিউলী বেগম সাংবাদিকদের জানান, গত শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত মেয়ে সাজিদাকে ফয়সল হাসপাতালে ভর্তি করা হয়।
“ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার সাহার ব্যবস্থাপত্র অনুযায়ী তার মেয়েকে ১২ ঘণ্টা পর পর ‘সীমিত মাত্রায়’ ইনজেকশন দেওয়ার কথা ছিল।”
তিনি অভিযোগ করেন, শনিবার রাত ৮টায় ক্লিনিকের ম্যানেজার জান্নাতুল ফেরদৌস আয়া শাহনাজকে দিয়ে অতিরিক্ত মাত্রার ওষুধ ইনজেকশনের মাধ্যমে পুশ করলে সঙ্গে সঙ্গে সাজিদার মৃত্যু হয়।
ফয়সল ক্লিনিকের ম্যানেজার জান্নাতুল ফেরদৌস এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তাদের ক্লিনিকে অভিজ্ঞ নার্সসের কাজ করানো হয়।
