‘ভারতে অপহৃত’ ৫ শিশু নোয়াখালীতে উদ্ধার, গ্রেপ্তার ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে, যাদের ভারতের ত্রিপুরা থেকে অপহরণ করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে ওই অভিযানে পাচারকারী সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভুঁইয়ার আদালতে হাজির করলে উদ্ধার শিশুদের কোম্পানিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বেলাল হোসেনের হেফাজতে দেওয়া হয়।
এছাড়া গ্রেপ্তার দম্পতিকে জেল হাজতে পাঠানো হয় বলে জানান তিনি।
উদ্ধার শিশুরা হলো শামীম চৌধুরী (৮), শাহীন চৌধুরী (৭), তক্কিন চৌধুরী (৩), নাছরিন বেগম (৩) ও ওবায়েদ উল্লাহ (১)।
আটককৃতরা হলো কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহার উল্লা (৫০) ও তার স্ত্রী (৪৫)।
তার স্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বলে দাবি পুলিশের।
তবে, শিশুদের কয়দিন আগে অপহরণ করা হয় তা জানাতে পারেনি পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে বসুরহাট ক্যাডেট মাদ্রাসার সামনে বাহারের স্ত্রী পাঁচ শিশুকে নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন সন্দেহবশত পাঁচ শিশুসহ তাকে আটক করে পুলিশে দেয়।
পরে ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে বাহার উল্লাকে আটক করা হয় বলে জানান তিনি।
“উদ্ধার হওয়া শিশুদের বাড়ি ত্রিপুরা রাজ্যের ভাঙারপাড় খিলপাড়া এলাকায়।”
ওসি সাজেদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার হওয়া শামীমের দেওয়া মোবাইল ফোন নম্বর দিয়ে তার বাবার সঙ্গে যোগাযোগ করা হয়।
“পরে ত্রিপুরা রাজ্যের রাধাকৃষ্ণ থানায় যোগাযোগ করা হলে সেখানকার পুলিশ একদিন আগে পাঁচ শিশু অপহৃত হয়েছে বলে নিশ্চিত করে।”
আটক নারী আন্তর্জাতিক শিশুপাচার চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে বলেও তিনি জানান।
নোয়াখালী জেলা সমাজসেবা অদিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার শিশুদের চট্টগ্রামের ‘ছোটমণি নিবাসে’ পাঠানোর আদেশ চেয়ে সোমবার আদালতে আবেদন করা হবে।
