মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ৪ জনের বিরুদ্ধে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস কামাল বাদী হয়ে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন বলে জানান তার আইনজীবী নীলাদ্রি শেখর পুরকায়স্থ।
তিনি বলেন, বিচারক মো. কাউসার আলম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়কারীর কাছে পাঠানোর আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার মানপুর গ্রামের বাসিন্দা মো. সফি উদ্দিন, মুড়িয়াউক গ্রামের মো. জাহিদ মিয়া, মো. তাজুল ইসলাম ওরফে পোকন রাজাকার এবং জিরুন্ডা গ্রামের মো. ছালেক মিয়া ওরফে ছায়েক মিয়া।
মামলায় মো. সফি উদ্দিনের ওই সময়ের রাজনৈতিক পরিচয় হিসেবে পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা বলে উল্লেখ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ৩০ ও ৩১ অক্টোবর সফি উদ্দিনসহ তার সঙ্গীরা অভিযান চালিয়ে মানপুর ও মুড়িয়াউক গ্রাম থেকে বাদীর বাবা ইদ্রিছ মিয়া ও আরেক মুক্তিযোদ্ধা শাহজাহানের বাবা আব্দুল জব্বারকে ধরে নিয়ে যায়।
পরে তাদের প্রকাশ্যে গুলি করে হত্যার পর লাশ মানপুর গ্রামের উজাদুর বিলে ফেলে দেয়।
এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে তারা কৃষ্ণপুর, গঙ্গানগরসহ আশপাশের গ্রামে লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যা চালায় বলেও মামলায় উল্লেখ করা হয়।
