প্রতিবেশীর লাঠিতে প্রাণ গেল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের
কুষ্টিয়ার মিরপুরে চায়ের দোকানে কথা কাটাকাটির সময় প্রতিবেশীর লাঠির আঘাতে নিহত হয়েছেন বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবক।
নিহত মীর শাহিন (৩০) উপজেলার পোড়াদহ এলাকার খয়েরপুর গ্রামের মীর রেজাউল ইসলামের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা-মিরপুর সার্কেল) আশীষ বিন হাসান জানান, রোববার সকালে ওই ঘটনার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রতিদিনের মতো শাহিন সকালে পাশের এলাকা নিশ্চিন্তপুরের একটি দোকানে চা খেতে যান।
“সেখানে আনিস নামের একজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আনিস বাঁশ দিয়ে শাহিনের মাথায় আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।”
ঘটনার পর থেকে আনিসকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নিহতের ভাই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সাফ’র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক বলেন, “বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায়ই চায়ের দোকানে লোকজন শাহিনকে বিরক্ত করত। এ নিয়ে ঝগড়াও হতো।”
রোববার একই ধরনের ঘটনার এক পর্যায়ে তার ভাইকে মাথায় আঘাত করা হয় বলে জানান তিনি।
