২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেন চলাচল শুরু

চালক ও গার্ডকে মারপিটের ঘটনায় বন্ধ হওয়া সিরাজগঞ্জ-ঈশ্বরদী পথে সাড়ে ৪ ঘণ্টা পর রাত পৌনে ১টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 10:35 AM

Updated : 22 Aug 2022, 01:39 PM

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং জানান, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর অভিযুক্ত জিআরপি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে রাজশাহী মেইলের প্রধান চালক রাতে ট্রেন নিয়ে ঈশ্বরদী রওনা হন।

একটি লাশ তোলাকে কেন্দ্র করে রাজশাহী মেইল ট্রেনের সহকারী চালক আনিছুর রহমান ও গার্ড আনোয়ার হোসেন শনিবার জিআরপি পুলিশের কয়েক সদস্যের মারপিটের শিকার হন।

এ ঘটনার প্রতিবাদে রাত ৮টা থেকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেন বন্ধ করে দেওয়া হয়।

ট্রেন চলাচল বন্ধ হওয়ার তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে ঘটনাস্থল বাজার স্টেশন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং ।

আহত সহকারী চালক ও গার্ড এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই ট্রেন চালু নিয়ে জটিলতা কাটে বলে জানান ব্রেনজন।  

ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি।

এর আগে কর্মীদের মারপিটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রেলের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি করার কথা বলেছিলেন পশ্চিমাঞ্চল রেলের ডিভিশনাল ম্যানেজার (পাকশী) আফজাল হোসেন।

পুরনো খবর:

চালককে মারধরের অভিযোগে সিরাজগঞ্জে ট্রেন চলাচল বন্ধ