২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে মারধরের অভিযোগে সিরাজগঞ্জে ট্রেন চলাচল বন্ধ

পুলিশের বিরুদ্ধে এক সহকারী চালক ও গার্ডকে মারধরের অভিযোগ তুলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 02:48 AM

Updated : 12 Oct 2022, 04:19 PM

রাজশাহী মেইল ট্রেনের সহকারী চালক ও গার্ডরা শনিবার রাত ৮টা থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বলে পশ্চিমাঞ্চল রেলের ডিভিশনাল ম্যানেজার (পাকশী) আফজাল হোসেন জানিয়েছেন।

মেইল ট্রেনটির চালক খলিলুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে সন্ধ্যায় একটি লাশ তোলার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটি থামাতে সংকেত দেয় জিআরপি পুলিশ।

“এ সময় ট্রেন থামিয়ে জিআরপি পুলিশকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলেন ট্রেনের সহকারী চালক আনিছুর রহমান ও গার্ড আনোয়ার হোসেন। পরে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট্রেনে লাশ তোলা হলেও হঠাৎ জিআরপির ৬/৭ জন পুলিশ সহকারী চালক ও গার্ডকে কিল, ঘুষি ও লাথি মারেন।  

“এ কারণে ট্রেন থামিয়ে আমরা নেমে যাই এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।” 

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন জানান, সহকারী চালক ও গার্ডকে মারধর করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাত সাড়ে ১১টার দিকে পশ্চিমাঞ্চল ডিভিশনাল ম্যানেজার আফজাল হোসেন বলেন, ঈশ্বরদী থেকে অতিরিক্ত আরেকজন চালক এনে ট্রেনটি ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টির তদন্তে রেল বিভাগের পক্ষ থেকে কমিটি করা হবে।