২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটা টাকার বিনিময়ে বদলি পরীক্ষা, রাজশাহীতে আটক ৮

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অংশ নেওয়া চার বদলি পরীক্ষার্থীসহ জালিয়াত চক্রের আট সদস্যকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 12:05 AM

Updated : 12 Oct 2022, 04:19 PM

রাজশাহীর র‌্যাব-৫-এর উপপরিচালক মেজর আব্দুস সালাম জানান, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার হল থেকে চারজনকে এবং পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

এরা হলেন- মাইদুল ইসলাম (২৪), সাইম আহমেদ (২৫), ওসমান গনি (২৫), জাকির হোসাইন (২৫) ও নূর আলম (২৪),এমএ শেষ বর্ষের ছাত্র আল-মামুন (২৭) ও বিএ সম্মান শ্রেণির ছাত্র মো. জাকির হোসেন (২৫) ও মোস্তফা কামাল (২৯)।

এদের মধ্যে প্রথম পাঁচজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরের দুজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শেষজন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের কর্মকর্তা বলে জানিয়েছে র‌্যাব।

মেজর সালাম সাংবাদিকদের বলেন, এদের মধ্যে চারজনকে শহরের বিভিন্ন জায়গা থেকে তিনটি মাইক্রোবাস, ১২টি ভুয়া প্রবেশপত্র, ১ লাখ ১১ হাজার টাকাসহ আটক করা হয়।

“চক্রটির মূল হোতা সোহেল রানা ঢাকার ফার্মগেটে জনতা ব্যাংকের কর্পোরেট শাখায় কর্মরত। চক্রটি চাকরি দেওয়ার কথা বলে একজন প্রার্থীর কাছ থেকে কমপক্ষে ১০ লাখ টাকা নেয়। এ থেকে দুই লাখ টাকার বিনিময়ে একজনকে বদলি পরীক্ষা দেওয়ার জন্য ভাড়া করে।

“শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৮০ জন চাকরিপ্রার্থীর বিপরীতে বদলি পরীক্ষা দেওয়ার জন্য ৮০ জন ভুয়া পরীক্ষার্থীকে নিয়োগ করে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ পরীক্ষায় ১৩৩টি পদের বিপরীতে প্রায় ৪৭ হাজার পরীক্ষার্থী অংশ নেন।