২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউতে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব

সংগঠনের সদস্যদের সন্তানদের নিয়ে ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব’ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 06:38 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

শুক্রবার সকালে ডিআরইউ প্রাঙ্গণে উৎসবে অংশ নেওয়া শিশুদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশেম খান।

বিকালে সমপানী অনুষ্ঠানে গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে হাশেম খান বলেন, দেশ এখন স্বাধীন। ১৯৭১ সালে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা এই সুখের দেশ এনে দিয়েছেন।

“তোমরা এখন আনন্দ আর খুশির সঙ্গে বড় হবে, কোনো দুঃখ-কষ্ট থাকবে না। তোমাদের মধ্য থেকেই মন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষক হবে।”

সকালে ডিআরইউ প্রাঙ্গণে আসার পরে উৎসবে অংশে নেওয়া সব শিশুর হাতে তুলে দেওয়া হয় রঙিন বেলুন।

এসব শিশুদের সঙ্গে নিয়ে একগুচ্ছ বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করে হাশেম খান বলেন, “এই বেলুনগুলো তোমাদের কথা সাবাইকে জানিয়ে দেবে।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ছাড়াও ডিআরইউর কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য এবং উৎসবে অংশ নেওয়া শিশুদের অভিভাবকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই উৎসবে সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের ৬৪ জন ছেলে-মেয়ে। এদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিমানমন্ত্রী।

টেলিভিশনে কার্টুন দেখে শিশুদের হিন্দি ভাষায় কথা বলার সমালোচনা করে মেনন বলেন, “ঢাকা শহরের বাচ্চারা যত হিন্দি জানে হিন্দি ভাষীরাও তা জানে কি না সন্দেহ।”

শিশুদের নিয়ে এ ধরনের আয়োজনের জন্য ডিআরইউকে অভিনন্দন জানান তিনি।

পথশিশুদের নিয়ে সরকারের যেসব উদ্যোগ রয়েছে তাতে সহযোগিতা করতে ডিআরইউ’র সদস্যদের প্রতি আহ্বান জানান বিমানমন্ত্রী।

পর্যটনখাত থেকে ডিআরইউ তহবিলে এক লাখ টাকা অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।