কক্সবাজারে সাবেক ইউপি সদস্যসহ ৩ জন অপহৃত, মুক্তিপণ দাবি
কক্সবাজার সদর উপজেলায় রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে নাইক্ষ্যংছড়ির সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণের পর ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই মো. ইউসুফ জানান, শুক্রবার ভোরের দিকে ফজরের নামাজের পরপর ঈদগড় ঢালায় ফিল্মি কায়দায় অপহরণের এ ঘটনা ঘটে।
অপহৃত তিনজন হলেন- নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবু তৈয়ব (৪০), বাইশারীর তুফান আলী পাড়ার আবু বক্কর সিদ্দিক (২৮) ও তার বন্ধু শাহ আলম (৩২)।
এসআই ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক আত্মীয়কে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ফিরছিলেন আবু তৈয়বসহ ছয়জন।
“পথে কক্সবাজারের ঈদগাঁও-বাইশারী সড়কের ঈদগড় ঢালায় পৌঁছালে একটি কালভার্টের উপর গাছ ফেলে তাদের অ্যাম্বুলেন্স আটকায় একদল লোক। পরে তারা আবু তৈয়বসহ তিনজনকে ধরে নিয়ে চলে যায়।”
অপহরণকারীরা অ্যাম্বুলেন্স চালক, রোগী আবুল ফজল ও তার স্ত্রীকে গাড়িতেই রেখে যায়। তারাই পরে পুলিশে খবর দেয় বলে এসআই ইউসুফ জানান।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবুল খায়ের জানান, অপহরণকারীরা অপহৃতদের আত্মীয়-স্বজনকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
“কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে,” বলেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, ঈদগড় ঢালায় ওই স্থানে প্রায়ই ডাকাতি, ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটে।
