নিয়তগুণে হাসিনার বরকত: মতিয়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাল নিয়ত নিয়ে মানুষের জন্য কাজ করায় আল্লাহ তাকে বরকত দিয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, “শেখ হাসিনার নিয়ত ভাল, তিনি মানুষের জন্য কাজ করেন। তাই আল্লাহ তাকে ঢেলে দিয়েছেন। আল্লাহ নিয়তগুণে বরকত দেয়।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার সন্তানদের কর্মকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার সন্তানদের কর্মকাণ্ডের তুলনা করতে গিয়ে এ প্রসঙ্গে অবতারণা করেন।
কৃষিমন্ত্রী বলেন, “বেগম জিয়া এতিমদের টাকা চুরি করেন, তার ছেলে তারেক মানি লন্ডারিং মামলার ফেরারি আসামি। তাই লন্ডনে পালিয়ে বেড়াচ্ছেন।
“পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ছেলে-মেয়ে হীরার টুকরো। সজীব ওয়াজেদ জয় আইটি বিশেষজ্ঞ, সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে সারা বিশ্বকে চমকে দিয়েছেন।”
এছাড়া শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার হয়ে বঙ্গবন্ধু পরিবার ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
নকলায় ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণকালে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।
কৃষিমন্ত্রী বলেন, দেশে এখন হাত নাড়ালে ভাতের অভাব নেই।
“বাংলাদেশ ছোট দেশ হলেও আমাদের সবচেয়ে বড় সুবিধা হল- এ দেশে সারা বছর ফসল হয়। ফলে মানুষ সারা বছরই কাজ করে। তাই পোড়ামাটি ও ভাঙা ঘর নিয়েও আমরা দাঁড়িয়ে যাই।”
