ট্যাংকারে আগুন, মেঘনায় ঝাঁপ দিয়ে বাঁচলেন নাবিকরা
চাঁদপুরে মেঘনা নদীতে তেলবাহী একটি জাহাজে আগুন লেগে এর ইঞ্জিন, মাস্টার ব্রিজসহ বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মেঘনার জাহাজমারা এলাকায় এ ঘটনায় পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন ‘ওটি ওশান লাইট’ নামের ওই ট্যাংকারের মাস্টারসহ ১৩ কর্মী।
চাঁদপুর সদর নৌ-পুলিশের এসআই মোশাররফ হোসেন বলেন, “ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাঝনদীতে ওই জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। জাহাজের মাস্টারসহ নাবিক ও শ্রমিকরা সাঁতরে তীরে ওঠেন।”
তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ওশান লাইট তেল বহন করছিল না। তেল থাকলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারত।
জাহাজে আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ ও নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে।
প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান এসআই মোশাররফ।
চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল জাহাজটি পরিদর্শন করেছেন।
