অধীন ৭ দপ্তরের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মসম্পাদন চুক্তি
অধীন সাতটি দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সচিবালয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সঙ্গে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা এই চুক্তিতে সই করেন।
এই চুক্তির ফলে অধীনস্ত দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রমকে একটি কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে বলে মনে করছেন জ্যেষ্ঠ সচিব কামাল নাসের।
তিনি বলেন, “চুক্তিতে স্বাক্ষর করায় দপ্তর প্রধানদের কাজের হিসাব নেওয়ার সুযোগ হবে। এতে প্রতিটি দপ্তর ও সংস্থার কাজে গতিশীলতা আসবে।কেউ লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার,বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো.সোহরাব হোসাইন,বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতার তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার মুন্সি শাহাবুদ্দিন আহমেদ, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মাঞ্জুরুল হক,বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো.ফজলুল হক এবং সরকারি কর্মচারী হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদিয়া সাজমিন সিদ্দিকা চুক্তিতে সই করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) মো.অব্দুর রউফ বলেন, “কোনো সংস্থা কর্মসম্পাদনে ব্যর্থ হলে তাদের বাজেট কমে যাবে এবং এজন্য ব্যাখ্যাও দিতে হবে। অন্যদিকে যে সংস্থা লক্ষ্য অর্জনে সফল হবে তাদের বাজেট বেড়ে যাবে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.ইব্রাহীম হেসেন খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
