ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা
মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহত বিল্লাল হোসেন (৩০) ফতুল্লার জেলপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ফতুল্লা মডেল ওসি আসাদুজ্জামান খান জানান, বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বেলা ১১টার দিকে ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
তবে নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে বিল্লালকে হত্যা করা হয়েছে।
বিল্লাল নিশ্চিন্তপুর এলাকার একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রী হিসেবে কাজ করতো জানিয়ে তার বড় ভাই দুলাল হোসেন বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে এলাকার অনিক, মানিক, মুক্তার, সুরুজসহ কয়েক যুবক বিল্লালকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
“খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে মারা যায়।”
তবে ওসি বলেন, “স্থানীয় মাদক ব্যবসায়ী মুক্তার পক্ষের সঙ্গে বিল্লালের মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।”
