গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার খোলাবাড়ী বাজার এলাকায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান।
নিহত ওয়াহেদুল ইসলাম (৪৫) উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় বলে জানান তিনি।
ওসি বলেন, ওয়াহেদুল বাড়ি থেকে খোলাবাড়ি বাজারে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধাগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
এতে গুরুতর আহত ওয়াহেদুলকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
