চাঁদপুরে সোয়া ৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় সোয়া ছয় লাখ মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ফেলেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নুরুজ্জামান শেখ জানান, বুধবার দুপুরে শহরের ডাকাতিয়া নদী তীরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
মঙ্গলবার গভীর রাতে তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ছয় লাখ ২৪ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করা হয় বলে জানান তিনি।
তবে এই ঘটনায় কাউকে আটক করা যায় নি।
কোস্টগার্ড কর্মকর্তা নুরুজজামান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এমভি কর্ণফুলী-৩, এমভি বন্ধন-৭ ও এমভি সম্রাট-২ লঞ্চে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কারেন্ট জালগুলো পাওয়া যায়। যার মূল্য এক কোটি ২৪ লাখ ৯৬ হাজার টাকা।
