২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেকারিভ্যানে ফেন্সিডিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটনেতাসহ আটক ৪

ঝালকাঠিতে বেকারির রিকশাভ্যানে রুটির প্যাকেটের আড়ালে ফেন্সিডিল বহনের ঘটনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতিসহ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 03:17 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

আটকরা হলেন-  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঝালকাঠি জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম স্বপন, শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার আবুল হোসেন, মো. জসিম ও মো. বাবুল ।

বুধবার সকালে আলাদা অভিযানে তাদেরকে আটক করা হয় বলে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি, অপারেশন) মো. মাহে আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে একটি বেকারিভ্যানে রুটি নিয়ে শহরের পালবাড়ি এলাকায় অবস্থান করছিলেন বাবুল।

“ওই ভ্যানে রুটির প্যাকেটের আড়ালে ফেন্সিডিল আছে, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ভ্যানটি তল্লাসি করে ৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”

ফেন্সিডিলের বোতলগুলো রুটির প্যাকেটের নীচে সাজানো ছিল বলে জানান তিনি। 

পরে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের পোস্ট অফিস সড়কের বাসায় অভিযান চালিয়ে আরো ২৩ বোতল ফেনসিডিলসহ রফিকুল ইসলাম স্বপনকে এবং শহরের পশ্চিম ঝালকাঠি থেকে আবুল হোসেন ও জসিমকে আটক করা হয় বলে জানান ওসি।

আটকরা ফেনসিডিল সেবন ও বেচাকেনায় জড়িত বলে দাবি করেন তিনি।