জঙ্গিরা নয়, থাকবে নারীরা: ইনু
গণমাধ্যমে কর্মরত নারীদের চাকরি থেকে বাদ দিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে ই-মেইলে হুমকির প্রেক্ষাপটে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর ক্ষমতায়ন কেউ ঠেকাতে পারবে না।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “কোনো এক জঙ্গি সংগঠন হুমকি দিয়েছে-যে সব নারীরা গণমাধ্যমে কাজ করছেন, তারা যেন গণমাধ্যমে না থাকেন। নারীদের এক কথায় বরখাস্ত করে দিতে হবে।”
“নারীরা গণমাধ্যমে থাকবে না, কর্মস্থলে থাকবে না? নারীরা লেখাপড়া করবে না? এটা তো জঙ্গিদের কথা, এটা তেঁতুল হুজুরের কথা। তেঁতুল হুজুরের কথায় তো আর দেশ চলবে না। এককালে সাম্প্রদায়িক ও দখলদার শক্তি বলেছিল, এই দেশ স্বাধীন হবে না। আমরা দেশ স্বাধীন করে ফেলেছি। ”
“সুতরাং আনসারুল্লাহ টিমই বলেন, আর অন্য কোনো জঙ্গি সংগঠনই বলেন, আমাদের সংবিধানের প্রতি যদি শ্রদ্ধা দেখাতে হয়, তাহলে জঙ্গিরা থাকবে না। আমাদের নারীরা গণমাধ্যমে থাকবে,” বলেন জাসদ সভাপতি ইনু।
সোমবার গণমাধ্যমকে ছয় দফা ‘নির্দেশনা’ দিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের নামে ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়।
ওই চিঠিতে নারীদের ঘরের বাইরে চাকরি করা ইসলামী শরিয়াহ মতে ‘শাস্তিযোগ্য অপরাধ’ দাবি করে সংবাদমাধ্যমের নারী কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দিতে বলা হয়।
তার একদিন বাদে এই অনুষ্ঠানে বক্তব্যে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানান তথ্যমন্ত্রী।
“তাদের দমনই করব। এদের শাসন করলে লাভ নাই। পরামর্শ দিলে লাভ নাই। এদের ধ্বংস করে দিতে হয়।”
গণমাধ্যমে কর্মরত নারীদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আমরা আপনাদের সমস্যার সমাধান করব।”
তবে নারীদের অধিকার রক্ষায় রাজনৈতিক নেতা-নেত্রীদের যতটুকু সচেতন থাকার দরকার, সেখানে ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এই নেতা।
“সব রাজনৈতিক দলের লক্ষ্য থাকা উচিত যে, লিঙ্গ বৈষম্য থেকে আমরা দেশকে বের করে আনব।”
‘মীনা অ্যাওয়ার্ড’ দেওয়ার অনুষ্ঠানে শিশুদের ছোটবেলা থেকেই ইতিহাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে জ্ঞান দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী।
ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন গণমাধ্যমের ৪৫ জন এবার ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড‘ পান। সৃজনশীল ও সাংবাদিকতায় প্রিন্ট, টেলিভিশন ও রেডিওর দুটি বয়সভিত্তিক শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফের শুভেচ্ছাদূত জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী, বাংলাদেশে ইউনিসেফের সহকারী প্রধান লুইস ভনো বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেন।
সজাগ হওয়ার আহ্বান নারী সাংবাদিক কেন্দ্রের
ছয় দফা ‘নির্দেশনা’য় গণমাধ্যমকে হুমকি দেওয়া আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
নারী সাংবাদিকদের সংগঠনটির সভাপতি নাসিমুন আরা হক এক বিবৃতিতে বলেন, “প্রতিক্রিয়াশীল মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের অগ্রগতি ও অর্জিত সাফল্যই শুধু নয়, তারা এই দেশকেই ধ্বংস করে দিতে চায়। এদের সম্পর্কে সচেতন ও সক্রিয় হওয়ার জন্য সরকার, মিডিয়া ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। ”
‘সংবিধানবিরোধী কার্যকলাপে লিপ্ত’ এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান নারী সাংবাদিক নেতা নাসিমুন।
