বিচারপতি হাবিবুর রহমান খান নেই
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হাবিবুর রহমান খান মারা গেছেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
প্রয়াতের ছোট ভাই এস আর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক বছর ধরে তার ভাই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গুলশানে একমাত্র মেয়ে রহিমা করিমের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার মস্তিস্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মৃত্যুর খবর পেয়ে সাবেক পূর্ত সচিব শওকত হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম হাসপাতালে ছুটে যান।
প্রয়াতের ভাই খলিলুর রহমান খান জানান, বিচারপতি হাবিবুর রহমানের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা আছে। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হবে। এরপর মানিকগঞ্জে নিয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৮৮ সালে হাই কোর্টে বিচারক হিসাবে নিয়োগ পাওয়ার ১৯৯৫ সাল পর্যন্ত ওই পদে ছিলেন হাবিবুর রহমান।
অবসরে যাওয়ার পর বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সাংবাদিকদের সপ্তম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্ববধায়ক সরকারের আমলে দুর্নীতি দমনের অংশ হিসেবে গঠিত ট্রুথ অ্যান্ড একাউন্টিবিলিটি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা বিক্ষোভের ঘটনার তদন্তের ভারও পড়েছিল তার ওপর।
আইন পেশায় থাকাকালে ঢাকা বারে সভাপতি নির্বাচিত হয়েছিলেন হাবিবুর রহমান। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৩০ সালের ৫ জানুয়ারি মানিকগঞ্জ জেলায় জন্ম হাবিবুর রহমানের। কলকাতার রিপন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে উচ্চ শিক্ষা নেন তিনি।
তার একমাত্র ছেলে রেজাউর রহমান খান যুক্তরাষ্ট্রে থাকেন।
