২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই সব সময় সমাদৃত হবে: আনিসুজ্জামান

শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান বলেছেন, যতই নতুন প্রযুক্তি আসুক, বই সব সময় সমাদৃত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ‘সুধীজন পাঠাগারের’ এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিসুজ্জামান বলেন, “এখন মুদ্রিত বইয়ে উৎসাহ কমে আসছে। কিন্তু পড়ার অন্যান্য ব্যবস্থা আছে। বিশেষ করে তরুণদের সেদিকে মন গেছে।আমরা যারা নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিতে পারিনি, আমরা এখনও মুদ্রিত বই নিয়ে আছি।

“আমার ধারণা, যতই নতুন প্রযুক্তি আসুক না কেন, বই সব সময়ই সমাদৃত হবে, হয়ত এর পাঠকের সংখ্যা কমবেশি হবে, কিন্তু বই উঠে যাবে- এটা মনে হয় না”

গত ৫০ বছরের মতো সামনের আরও পঞ্চাশ বছর সুধীজন পাঠাগার পাঠকের চাহিদা পূরণ করে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

অনুষ্ঠানে শিক্ষাবিদ ও গবেষক ড. হায়াৎ মামুদকে এই পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নুরুল হকের অর্থায়নে প্রবর্তিত ‘অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইসহাকের ‘ভ্রমণের দিনগুলি’ ও ‘দুঃস্বপ্নের কাল’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

পাঠাগারের পরিচালক কাশেম জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. হায়াৎ মামুদ, মোহাম্মদ ইসহাক, পাঠাগারের কর্মাধ্যক্ষ ইমতিয়াজ ফারুক মঈন ও আফজাল হোসেন পন্টি।