ঘুষ নেওয়ার অভিযোগে নওগাঁয় খাদ্য কর্মকর্তা আটক
ঘুষ নেওয়ার অভিযোগে নওগাঁর এক খাদ্য কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী (৪৮) নওগাঁ সদর উপজেলা খাদ্য কর্মকর্তা। তিনি নীলফামারীর সৈয়দপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী অঞ্চলের পরিচালক মঞ্জুর আহমেদের নেতৃত্বে একটি দল তাকে আটকের পর থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় দুদকের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রাজিয়া খাতুন বাদী হয়ে মোহাম্মদ আলীর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করেছেন।
মামলা বলা হয়েছে, সদর উপজেলার ধান-চাল সরবরাহের জন্য মিল মালিক শফিকুল ইসলামের আমানতের সাত লাখ টাকার চেক/ডিডি ফেরত দিতে ৭০ হাজার টাকা দাবি করেন মোহাম্মদ আলী। ৫০ হাজার টাকায় রফা হলে মঙ্গলবার সন্ধ্যায় টাকা বিনিময়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
তবে নিজেকে নির্দোষ দাবি করে মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার।”
