২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুজনকে অচেতন করে লুট

রাজধানীতে ‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই ব্যক্তি। তাদের কাছে থেকে তিন লাখ ৩০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন স্বজনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

ভুক্তভোগীরা হলেন- আবুল কালাম আজাদ (৫৬) ও মো. পারভেজ (৩০) ।

মঙ্গলবার রাজধানীর পল্লবী ১১ নম্বর ও মিরপুর ১০ নম্বর এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

আজাদের স্ত্রী শিরিন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে মিরপুর ১১ এলাকার ট্রাস্ট ব্যাংক থেকে এক লাখ ৮০ হাজার টাকা তোলেন আজাদ।

“পরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলে পথচারীরা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তার কাছে ব্যাংক থেকে তোলা কোনো টাকা ছিল না।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে পারভেজ নামে যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন হাসান মাহমুদ নামে এক ব্যক্তি।

হাসান মাহমুদের বরাত দিয়ে তিনি বলেন, “গুলিস্তান থেকে দেড় লাখ টাকা দিয়ে তিনি পারভেজকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে পাঠিয়েছিলেন। সেখানে তার মামা শামছুল হক ভর্তি রয়েছেন। সময় নিয়ন্ত্রণ পরিবহনের বাসে করে মিরপুর যাওয়ার পথে অজ্ঞান পার্টির চক্র কিছু খাইয়ে অচেতন করে পারভেজকে।”

মিরপুর-১০ নম্বরে যাওয়ার পর অন্য যাত্রীরা পারভেজকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে হাসানকে ফোন দেন জানিয়ে মোজাম্মেল বলেন, প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে আনা হয়।

হাসান হাসপাতালে সাংবাদিকদের জানান, পারভেজের তার গুলিস্তানের এবি কালেকশন নামের দোকানের ব্যবস্থাপক।

তার সঙ্গে থাকা দেড় লাখ টাকা পাওয়া যায়নি বলেও জানান তিনি।