২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিপুল পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা

গাজীপুরের চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারের দুই দোকানের গুদাম থেকে ১২ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 10:56 AM

Updated : 25 Apr 2022, 02:01 PM

এসময় পলিথিন গুদামজাত ও বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার বিকালে নির্বাহী ম্যাজিট্রেট কাইজার মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বাজারের বিসমিল্লাহ স্টোর ও আলি জেনারেল স্টোর নামের দুটি দোকানের গুদামে এসব পলিথিন পাওয়া যায়।

“নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে বিসমিল্লাহ স্টোরের মালিক আমির হোসেনকে ১৫ হাজার ও আলি জেনারেল স্টোরের মালিক আলি হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”

জব্দ পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানান পরিদর্শক সাইফুল।

পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক সোনিয়া আক্তার, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া ও অনীতা ঘোষ অভিযানের সময় উপস্থিত ছিলেন।