ঘরে আগুন দিয়ে মা-মেয়েকে হত্যার অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে ঘরে আগুন দিয়ে মা ও মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলার ফরাসপুর গ্রামের নজরুল ইসলাম চানের স্ত্রী তাসলিমা বেগম (৪০) ও তার দেড় বছরের মেয়ে তাসনিয়া।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে দগ্ধ নজরুল ও তার আরেক মেয়ে উর্মি খাতুনকে (২০) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এঘটনায় উর্মির স্বামী যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ওই পরিবার।
উর্মির বরাত দিয়ে ওসি আনোয়ার বলেন, তিন বছর আগে কামালের সঙ্গে উর্মির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ি যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন চালিয়ে আসছিল।
এক মাস আগে উর্মি বাবার বাড়ি চলে আসার পর ‘কামাল তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়’ বলেও জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “কামালকে আটকের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।”
