ফ্রিজের কার্টনে পাওয়া এক লাশের পরিচয় খুঁজছে পুলিশ
রাজধানীর কলাবাগানে ফ্রিজের কার্টনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া একটি লাশের পরিচয় খুঁজছে পুলিশ।
গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কলাবাগান মাঠলাগোয়া ফুটপাতে একটি ফ্রিজের কার্টন থেকে লাশটি উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ।
পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলাও করে। কিন্তু ১২ দিনেও জানা যায়নি, নিহত এই ব্যক্তি কে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরই মধ্যে বিভিন্ন থানায় সংবাদ দেওয়া হয়েছে।
“কেউ নিখোঁজ থাকলে বা হারানোর কোনো সাধারণ ডায়েরি থাকলে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে।”
ধানমন্ডি থানার ওসি নূরে আজম লাশ উদ্ধারের দিন জানিয়েছিলেন, আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এই ব্যক্তির পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। হাত-পা বাঁধা ছিল, গলায় ছিল জখমের চিহ্ন।
ঢাকা মেডিকেল কলেজ মর্গেই রয়েছে অজ্ঞাত পরিচয়ের লাশটি
লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে, পুলিশ এখনও লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পায়নি।
তবে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ অনেকটাই নিশ্চিত শ্বাসরোধে হত্যার পর লাশটি বস্তাবন্দি করে কার্টনে ভরা হয়েছিল।”
লাশটির ঘটনায় করা মামলাটি ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করলেও মহানগর গোয়েন্দা পুলিশও ‘ছায়াতদন্ত’ করছে।
“যে ফ্রিজের কার্টনে লাশটি ছিল সেটি কে, কোত্থেকে কিনেছিল, তা গোয়েন্দারা খুঁজে বের করেছে। ফ্রিজের কার্টনের মালিক পুলিশকে বলেছে, ফ্রিজ কিনে কার্টনটি একটি ভাঙারি দোকানে বিক্রি করে দিয়েছিলেন তিনি। পরে ওই কার্টনের বিষয়ে ধানমন্ডি এলাকার আরও চারজনকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ,” বলেন নূর আলম।
তবে কেউই নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি বা তার পরিচয়ও পুলিশকে জানতে পারেননি।
পুলিশ কর্মকর্তা নূর আলম বলেন, “নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেলে তদন্ত করা সহজ হবে। পুলিশ এখন তার পরিচয় জানতে চায়।”
